সরকারি নয়, বেসরকারি স্কেলে বেতন বহাল রাখার দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি নয়, বেসরকারি স্কেলে বেতন বহাল রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি হওয়ার পূর্বের বেতন স্কেল বহাল, নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বঞ্চিত না করা সহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ।

বুধবার (৯ অক্টোবর) প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারীকরণ করা হলেও শিক্ষা খাতে তৎকালীন সময়ে সীমাহীন দুর্নীতি শিক্ষক স্বার্থ বিরোধী, বৈষম্যমূলক আত্মীকরণ বিধিমালা ২০১৮ এর কালো বিধির কারণে আত্তিকৃত শিক্ষক-কর্মচারীবৃন্দ সরকারি কলেজে চাকরি করেও বিভিন্ন বৈষম্যের শিকার ও সরকারি সুবিধা হতে বঞ্চিত। শিক্ষক কর্মচারীদের আত্তীকরণে অতীতের মূলনীতি ও ধারাবাহিকতা অনুসরণ না করে আত্তিকরণ বিধিমালা ২০১৮ তে ভিন্ন নিয়ম চালু হয়েছে, যা বৈষম্যমূলক ও মানবাধিকার পরিপন্থী। এই বিধিতে একটি অদ্ভুত পদসোপান তৈরি করা হয়েছে যা সরকারি কলেজে বিদ্যমান নেই এবং এনাম কমিটির সুপারিশ পরিপন্থী। এতে শিক্ষক-কর্মচারীদের কোন পদোন্নতির বিধান রাখা হয়নি। অপরদিকে সরকারীকৃত কলেজে সপ্তম গ্রেডে কর্মরত প্রভাষক, সপ্তম গ্রেডে কর্মরত লাইব্রেরিয়ান, নবম গ্রেডে কর্মরত প্রদর্শক ও শরীর চর্চা শিক্ষক, দশম গ্রেডে কর্মরত সহকারী লাইব্রেরিযানদের বেতন অবনমন করে পদের প্রারম্ভিক ধাপে নির্ধারণ করা হয়েছে, ফলে তাদের সবার বেতন আগের চেয়ে কমে গিয়েছে।

তারা আরও বলেন, অপরদিকে অনার্স মাস্টার্স পর্যায়ে নিয়োগপ্রাপ্ত সেমিনার সহকারি সহায়ক কম্পিউটার অপারেটর পদ সমূহ জাতীয় বিশ্ববিদ্যালযের প্যাটার্নভুক্ত থাকা সত্ত্বেও তাদের আত্মীকরণের বিধান রাখা হয়নি, বেসরকারি আমলের চাকরিকাল গণনার বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।

বৈষম্য ও সমস্যাসমূহ সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের দাবিসমূহ হলো-

১. সরকারিকৃত কলেজে আত্তীকৃত শিক্ষকদের জন্য দ্রুত পদসোপান তৈরি সহ পদোন্নতির নীতিমালা প্রনয়ন করে প্রভাষক হতে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পদে এনাম কমিটির সুপারিশ অনুযাযী দ্রুত পদোন্নতি দিয়ে বদলি ব্যবস্থা চালু করা ও অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং নিযোগপ্রাপ্ত সকল শিক্ষক কর্মচারীদের অতি দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করা।

২. টাইম স্কেল প্রাপ্ত/সপ্তম গ্রেডধারী শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও আর্থিক অবনমন রোধ করে বে-সরকারি আমলে বিদ্যমান স্বীয় গ্রেডে, স্বীয় স্কেলের চলমান ধাপে বেতনভাতাদি চালু রাখা এবং শতভাগ চাকরিকাল গণনা সহ জ্যেষ্ঠতা নির্ধারণ করা।

৩. অবিলম্বে নন ক্যাডার রিক্রুটমেন্ট রুলস এন্ড কম্পোজিশন তৈরি করে সে অনুযায়ী নন ক্যাডার শূন্য পদের বিপরীতে পিএসসির মাধ্যমে নন ক্যাডার শিক্ষক নিযোগের মাধ্যমে শূন্য পদ পূরণ করা এবং নন ক্যাডার শূন্য পদে ক্যাডার পদ হতে অধ্যক্ষ/উপাধ্যক্ষ/সহকারি অধ্যাপক/প্রভাষক সহ কোন পদে প্রেষণে কিংবা ডেপুটেশনে নিযোগ প্রদান না করা।

৪. বেসরকারি আমলে কর্মরত কোন শিক্ষক কর্মচারীকে প্যাটার্ন অথবা অন্য কোন অজুহাতে বঞ্চিত না করা এবং অনার্স/ মাস্টার্স নিয়োগপ্রাপ্ত সেমিনার সহকারি, সহায়ক, কম্পিউটার অপারেটর আত্মীকরণ করার ব্যবস্থা করা।

৫. প্রতিষ্ঠান সরকারীকরণের তারিখ হতে কল্যাণ ট্রাস্টে এমপিও হতে কেটে রাখা অর্থ ফেরত দেওয়া।

সংগঠনের সভাপতি কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মৃধা, সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, সহ সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ