সরকারের দুঃশাসন জনগণকে নিঃস্ব করছে : গণফোরাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের দুঃশাসন জনগণকে নিঃস্ব করছে : গণফোরাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আওয়ামী সরকারের দুঃশাসন জনগণকে নিঃস্ব করছে বলে অভিযোগ করেছেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সড়কে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণফোরাম (একাংশ) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) যৌথ উদ্যোগে পদযাত্রাপূর্ব এ সমাবেশ হয়।

সুব্রত চৌধুরী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন যখন বলে আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাইতখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখ শুকিয়ে যায়। ফ্যাসিস্ট সরকার, অগণতান্ত্রিক সরকার ও জনগণের বিরুদ্ধের সরকারকে আমেরিকা, ভারত, চীন ও জাপানসহ কোনো গণতান্ত্রিক শক্তিই সমর্থন করে না, যার প্রমাণ আমেরিকায় গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায় না।’

তিনি বলেন, ‘আগামী দিনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আমরা নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের দুঃশাসন জনগণকে নিঃস্ব করছে। ১৪ বছর ধরে জনগণের পেটে লাথি মারছে আওয়ামী লীগ সরকার। সহ্যের সীমা অতিক্রম করেছে জনগণ, এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না।’

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন, ‘জনগণ আগুনছোয়া মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছে। অথচ আপনাদের (সরকার) কোনো উদ্যোগ নেই জনগণের ভোগান্তি কমানোর, তাই ক্ষমতা ছেড়ে দিন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হলে জনভোগান্তি শেষ হবে, জনগণ মুক্তি পাবে এবং দেশে শান্তি ফিরে আসবে।’

পরে মতিঝিল এলাকায় পদযাত্রা হয়। এতে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদ সদস্য আবদুল হাসিব চৌধুরী, খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার আহম্মেদ শাপলা, ছাত্রবিষয়ক সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

অন্যদিকে বিপিপির মহাসচিব আব্দুল কাদের, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, নাজমা আক্তার, রানী শেখসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণের নেতারা পদযাত্রায় অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ