সরকারের পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের একাংশের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের একাংশের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

অবিলম্বে সংসদ বিলুপ্ত ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে প্রীতম জামান টাওয়ার থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে এ আন্দোলনে গণঅধিকার বরাবরের মতো মাঠে থাকবে, সামর্থ্যের সবটুকু শক্তি দিয়ে রাজপথে লড়াই করবে।

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ বলেন, আজকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারের তাণ্ডব আজ সারা বিশ্ববাসী দেখেছে।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, দলমত ভুলে সবাই রাজপথে নেমে আসুন। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না আমরা ইনশাআল্লাহ। প্রয়োজনে ঢাকাবাসী যার যার বাসার সামনে দাঁড়িয়ে আন্দোলন করুন, আপনার ভোটাধিকার পুনরুদ্ধার আপনিই করুন।

এ ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পলাশ, আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসা, শামসুদ্দিন, মোজাম্মেল মিয়াজিসহ আরও অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ