সরকার দুর্নীতি করতেই পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে: বুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার দুর্নীতি করতেই পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে: বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ

 

দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শুক্রবার(৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।

বুলু বলেন, ‘দেশে চারিদিকে সংকট। আমদানি হচ্ছে ডলারের সংকট। এই সংকটের মধ্যে আপনি (প্রধানমন্ত্রী) ২০ কিলোমিটার পাতাল রেলের জন্য ৫২ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। লুটপাটের জন্য এই প্রকল্প আপনারা করেছেন। ৫২ হাজার কোটি টাকার পাতাল রেলে রাষ্ট্রে কি উপকার হবে? এই ৫২ হাজার কোটি টাকা কৃষকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকার শ্রমিকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা দিয়ে মিল-কারখানা করেন। লক্ষ-লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আপনারা সেটা করবেন না। কারণ এটা করলে আপনাদের লুটপাট হবে না।’

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) অধীনে ২০ কিলোমিটারের পাতাল রেল প্রকল্পের উদ্বোধন করেন।

বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, ‘দেশ থেকে আপনারা ১৪ লক্ষ কোটি টাকা কানাডা, দুবাই, আমেরিকায় পাচার করেছেন। একজন এমপি আপনার(প্রধানমন্ত্রী) বিশেষ সহকারি কী গোলাপ নাকী তার নাম। উনি চার বছরে আমেরিকাতে ১৭টি বাড়ির মালিক হয়ে গেলেন। মনে হয় যেন আলাদিনের চেরাগ তাদের হাতে আছে। এভাবে কুইক রেন্টাল, রেন্টাল বিদ্যুত প্রকল্পের নামে লক্ষ-লক্ষ টাকা লুন্ঠন করে আওয়ামী পরিবারের লোকেরা আজকে বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছেন বিদেশে। বিদ্যুতের লুন্ঠন হয়েছে। পৃথিবীর কোনো দেশে নাই যে, প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। সরকার সংসদ এজন্য ইনডেমনিটি বিল পাস করিয়েছে। আপনারা লক্ষ-লক্ষ টাকার চুরি করতে পারবেন আর এই চুরির বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ দায়ের করতে পারবে না।’

এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনেই এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি হয়।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বেপারীর সঞ্চালনায় মানবন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিন বিএনপির ইসমাইল তালুকদার খোকন, নাদিয়া পাঠান পাঁপন, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, নাগরিক অধিকার আন্দোলনের মোস্তাফিজুর রহমান, মুসা ফরাজী, তোফায়েল হোসেন মৃধা প্রমূখ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ