সাতক্ষীরায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৩, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৩, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

ছবি:প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্যানিটারি ন্যাপকিন চুরি, শিক্ষক-শিক্ষার্থীদের গালিগালাজসহ দুর্নীতির অভিযোগ তুলে ক্লাস বর্জন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুলাই) সকাল থেকে ক্লাস বর্জন করে স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক লুৎফুননেছা ডালিয়া, সহকারী প্রধান শিক্ষক কংকন কুমার দাস, আকলিমা খাতুন, মোস্তাফিজুর রহমান, অফিস সহকারী সালাউদ্দীন, ১০ শ্রেণির শিক্ষার্থী খাদিজা খাতুন, রিক মল্লিকসহ অন্যরা।
এসময় স্কুলের ১৫ জন শিক্ষক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল গালিগালাজসহ খারাপ ব্যবহার করেন। এছাড়া আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তিনি স্কুলে থাকলে আমরা কোনো ক্লাস নেব না।
অপরদিকে শিক্ষার্থীদের অভিযোগ, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন চুরি, খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের পদত্যাগ না করা পর্যন্ত আমরা ক্লাস করব না। এসময় তারা প্রধান শিক্ষকের পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে বিদ্যালয়ে উপস্থিত হয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পুলিশের একটি দল, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
গালিগালাজের বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল বলেন, আমি কড়া প্রধান শিক্ষক হওয়ায় শিক্ষকরা আমার বিরুদ্ধে লেগেছে। তবে স্কুলের অর্থ আত্মসাতের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে ভবন বরাদ্দের জন্য সাতক্ষীরা সদর-২ আসনের এমপিসহ বিভিন্ন দপ্তরে ঘুষ দিতে হয়েছে। যে কারণে স্কুল ফান্ডের টাকা নিয়ে ঘুষ দিয়েছি। তিনি আরও বলেন, কেউ না চাইলে আমি স্কুলে থাকব না।
এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে রয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ