সিলেটে তৃণমূলকে শক্তিশালী করার মিশনে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে তৃণমূলকে শক্তিশালী করার মিশনে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে আরও শক্তিশালী করার মিশনে নেমেছে সিলেট মহানগর বিএনপি। তৃণমূলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মহানগরীর বর্ধিত ১৫টি ওয়ার্ডে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে সকল থানা কমিটি। এ লক্ষ্যে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে সাংগঠনিক সভা-সমাবেশ। সংগঠনকে সুসংগঠিত করতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পাড়া-মহল্লার তৃণমূল নেতাকর্মীদের।

দলের নেতারা বলছেন, পতিত হাসিনা সরকারের আমলে মুক্তভাবে দলীয় কার্যক্রম চালাতে পারেনি বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে এখন নেতাকর্মীরা নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারছেন। ফলে প্রাণ ফিরে পেয়েছে তৃণমূল। বাড়ছে নেতৃত্বের প্রতিযোগিতাও।

দলীয় সূত্র জানায়, বিগত সরকারের আমলে সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হলেও সেগুলোতে ছিল না উচ্ছ্বাস। শীর্ষ পদপ্রত্যাশী অনেকে পালিয়ে থেকে কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা কিংবা কড়া নজরদারির মধ্যেই চালাতে হয়েছে দলীয় কার্যক্রম। এই অবস্থায় সিলেট মহানগরীর পুরাতন ২৭টি ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে আহ্বায়ক কমিটি হলেও পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি।

হাসিনা সরকারের পতনের পর নির্বাচনে সামনে রেখে গতি এসেছে সিলেট মহানগর বিএনপিতে। ইতোমধ্যে বর্ধিত ১৫টি ওয়ার্ডে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। কাউন্সিলে পাড়া-মহল্লা কমিটির ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এরপর গঠন করা হবে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

বিএনপি নেতারা জানান, আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে মহানগরীর সকল ওয়ার্ড ও থানা কমিটি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পাড়া-মহল্লা ও ওয়ার্ড কমিটিকে। বিভিন্ন সাংগঠনিক টিম করে পাড়া-মহল্লা ও ওয়ার্ড কমিটির ব্যানারে চলছে সভা-সমাবেশ। ওয়ার্ডের সভাগুলোতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকছেন।

এসব সভা থেকে দলীয় শৃঙ্খলা ও কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি, নির্বাচনের প্রস্তুতিমূলক পরামর্শ ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে সিলেট মহানগরীর ৬টি সাংগঠনিক থানায় আহ্বায়ক ও সদস্যসচিব দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিগুলো পুর্ণাঙ্গ করার লক্ষ্যে মঙ্গলবার কোতোয়ালী ও শাহপরাণ থানা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হয়েছে বাকি চার থানার কর্মীসভা। দলীয় সূত্র জানায়, শিগগিরই থানাগুলোর আহ্বায়ক কমিটি ৭-১৫ সদস্যে বর্ধিত করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরনো ওয়ার্ডগুলোতে পূর্ণাঙ্গ কমিটি ও নতুন ওয়ার্ডে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। থানা কমিটিগুলোও পুনর্গঠন করা হচ্ছে। পাড়া-মহল্লা ও ওয়ার্ড কমিটি নিয়ে সভা করা হচ্ছে। এতোদিন অনেক নেতাকর্মী ফ্যাসিস্ট সরকার ও তাদের পেটুয়াবাহিনীর কারণে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারেননি। এখন তারা স্বতঃস্ফুর্তভাবে অংশ নিচ্ছেন। ফলে তৃণমূলের কাউন্সিল ও কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে। দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতাও বেড়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ