সিলেটে দু’দিনে বিএনপি’র ৩০ নেতাকর্মী গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে দু’দিনে বিএনপি’র ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
গত ২ দিনের অবরোধে সিলেটে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে সিলেট জেলা বিএনপি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন তারা। এর বাইরে নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এ কারণে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি’র নেতাকর্মীরা। এদিকে দ্বিতীয় দফা হরতালের ২য় দিনেও সিলেটের রাজপথে সক্রিয় ছিল বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সকালে শাহী ঈদগাহ টিভি গেট এলাকায় যুবদল নেতা মামুন ইবনে রাজ্জাকের নেতৃত্বে নেতাকর্মীরা পিকেটিং ও বিক্ষোভ করে। এ সময় ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়। যানবাহন চলাচল কমে আসে। পরে পুলিশের একটি দল ওই এলাকা পরিদর্শন করে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতারা মিছিল করেছে।

এ সময় একটি লেগুনা ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। বিকালে নগরীর জিন্দাবাজার এলাকায় সিলেট বিএনপি’র সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় জিন্দাবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। একই সময় নগরীর বারুতখানা, জেলরোড এলাকায় নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় তারা পিকেটিং করে। জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরীর নেতৃত্বে নগরের সুবিদবাজার এলাকায় মিছিল করা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ চলে আসায় নেতাকর্মীরা চলে যায়। নগরে কাজিটুলা এলাকায় যুবদল নেতা লিটনের নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
যুবদল নেতারা জানান, মিছিল ও পিকেটিং করার সময় পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়। সিলেট নগর স্বেচ্ছাসেবক দল সুবিদবাজার এলাকায় মিছিল ও পিকেটিং করে। এর আগে রোববার রাতে নগরীর কাজিটুলা এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ও নগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের নেতৃত্বে কাজিটুলা এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল। একপর্যায়ে তারা সড়কে আগুন দিয়ে অবরোধ করে। এদিকে সকালে কানাইঘাট সড়কের হকারাই বাস স্টেশন ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা বিক্ষোভও করে। সিলেট-জকিগঞ্জ সড়কের চেকপোস্ট এলাকায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা গাছ ফেলে অবরোধ করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। নগরীর কুমারপাড়া এলাকায় ছাত্রদলের উদ্যোগে মিছিল করে। এ মিছিল থেকে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করা হয়। এদিকে সিলেট রোববার গভীর রাতে সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, বিএনপি নেতা গৌছ আলী, লিলু মিয়া চেয়ারম্যানসহ কয়েকজন নেতার বাসায় পুলিশ তল্লাশি চালায়।

আইনজীবী ফোরামের মিছিল: একদফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে কোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট। ২নং বার হলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কোর্ট প্রাঙ্গণের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পলিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সমাবেশে অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিনিয়র এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট আলী হায়দার প্রমুখ।

দুই দিনের কর্মসূচিতে গ্রেপ্তার ৩০: দুই দিনের এই চলমান অবরোধ কর্মসূচিতে এ পর্যন্ত অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ অবরোধ কর্মসূচির শেষ দিনে গতকাল কোম্পানীগঞ্জ উপজেলার ৪ যুবদল নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার এমরান আলী এনাম, কোম্পানীগঞ্জ উপজেলার কামরুল ইসলাম, আক্তারুজ্জামান সাদ্দাম, তাজুল ইসলাম ও মতিউর রহমান। এদিকে সিলেটজুড়ে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিশ্বনাথের মহিলা নেত্রীর বাড়িতে তল্লাশি: বিশ্বনাথ উপজেলার মহিলা দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জান্নাতুল ফেরদৌস রুজির বাড়িতে গতকাল ভোরে পুলিশি তল্লাশি, হয়রানি ও পরিবারের লোকজনের সঙ্গে অশুভনীয় আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না ও সাধারণ সম্পাদিকা ফাহিমা আহাদ কুমকুম। বিএনপি’র নেতৃবৃন্দরা বলেন আওয়ামী পুলিশ অত্যন্ত বেপরোয়া হয়ে নির্লজ্জের মতো দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী এমনকি মহিলা নেতৃবৃন্দের বাড়িতে তল্লাশির নামে হয়রানি ও অশুভ আচরণ করে যাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার পরিপন্থি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ