সিলেট বিএনপিতে প্রবাসী নেতাদের চমক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট বিএনপিতে প্রবাসী নেতাদের চমক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে তিনটিতে চমক দেখিয়েছেন প্রবাসীরা। হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে দলীয় মনোনয়নের দৌঁড়ে এগিয়ে গেছেন তারা। ঘোষণা না হওয়া ৫টি আসনের কোনটিতে প্রবাসী নতুন মুখ আসতে পারে বলেও গুঞ্জন চলছে। এর আগে প্রতিটি সংসদ নির্বাচনে সিলেটে প্রায় প্রতিটি দল থেকে প্রবাসীদের মনোনয়ন দেওয়া হতো। প্রবাসী প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে মন্ত্রী হওয়ারও নজির রয়েছে সিলেট বিভাগে।

সোমবার দেশের ২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর মধ্যে সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ ও মৌলভীবাজার-২ আাসনে যুক্তরাষ্ট্র প্রবাসী শওকত হোসেনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তার মৃত্যুতে উপনির্বাচনে সংসদ সদস্য হন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাবিবুর রহমান হাবিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ‘ডামি’ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন নৌকার প্রার্থী প্রবাসী এই নেতা। এবার আসনটিতে প্রবাসী নেতার উপর আস্থা রেখেছে বিএনপি। আসনটিতে হেভিওয়েট প্রার্থী বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম ও জেলা শাখার সভাপতি আবদুল কাইয়ূমকে টপকে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুরো সময়ের মধ্যে এমএ মালিক দেশে ফিরতে পারেননি। যুক্তরাজ্যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের কারণে এমএ মালিকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল যুবলীগ ও ছাত্রলীগ। এমএ মালিকের অভিযোগ, যুক্তরাজ্যেও সন্ত্রাসী ভাড়া করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত বিএনপি আসনটিতে আস্থা রেখেছে প্রবাসী এমএ মালিকের উপর।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদ দু’জনই তারেক রহমানের ঘনিষ্টজন হলেও সিলেট বিভাগে গুঞ্জন ছিল দলীয় মনোনয়ন একজনই পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের দু’জনের কাউকেই হতাশ হতে হয়নি। সিলেট-৩ এর মতো সুনামগঞ্জ-৩ আসনেও প্রবাসী প্রার্থীর উপর আস্থা রেখেছে বিএনপি। দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়েছে কয়ছর আহমদের। এমএ মালিকের মতো শেখ হাসিনা শাসনামলে দেশের মাটিতে পা রাখতে পারেননি কয়ছরও।

সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার-২ আসনটি সবসময়ই আলোচিত। আসনটি থেকে এর আগে বিএনপির এমএ শাহীন এবং আওয়ামী লীগের সুলতান মোহাম্মদ মনসুর ও শফিউল আলম নাদেলের মতো হেভিওয়েট নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমানও একবার আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সওকত হোসেন।

১৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের পেছনে ফেলে দলীয় টিকেট কাটেন সওকত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ