সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে জাতীয় পার্টি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ২:১৩ পূর্বাহ্ণ

 

ওয়েছ খছরু, সিলেট থেকে

আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নয়, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে জাতীয় পার্টি। দলের সিলেটের নেতারা ইতিমধ্যে এ সম্পর্কে আভাস দিয়েছেন। যে দু’জন প্রার্থী মাঠে আছেন; তাদের মধ্য থেকে যেকোনো একজন প্রার্থীকে লাঙ্গল প্রতীকে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনীত করা হবে এবং তাকে নিয়েই ভোটের মাঠে বাজিতে নামবেন নেতারা। এক সময় সিলেটকে বলা হতো জাতীয় পার্টির দুর্গ। এরশাদের শাসনের পর থেকে ধীরে ধীরে জাতীয় পার্টির দুর্গে আঘাত হানতে থাকে অন্য দলের নেতারা। এখন আর আগের সেই শক্তি নেই। নেতাদের মতে; পূর্বের মতো অবস্থা না থাকলেও ভোটের হিসেবে জাতীয় পার্টি পিছিয়ে নেই। এখনো মাঠ পর্যায়ে ভোট রয়েছে জাতীয় পার্টির। এ ছাড়া সিলেটে দলীয় কার্যক্রমও চাঙ্গা রয়েছে। ইতিমধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলের দুই প্রার্থী নিয়ে বিবদমান দুই দলের নেতারা বৈঠক করেছেন।

এ নিয়ে রীতিমতো মুল্লযুদ্ধও চলছে। তবে সিনিয়র নেতারা জানিয়েছেন- সিলেট সিটিতে লাঙ্গল প্রতীকে নির্বাচনে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে। যিনি লাঙ্গল প্রতীক পাবেন তিনি নির্বাচন করবেন। অন্যজন নির্বাচন থেকে সরে যাবেন। নজরুল ইসলাম বাবুল। সিলেটের শিল্পপতি। ক’বছর আগে জাতীয় পার্টিতে ঢুকেছেন। আগে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি কেন্দ্রীয় সদস্য’র পাশাপাশি সিলেট মহানগর সভাপতি। এবার সিটি নির্বাচনে তিনি জাতীয় পার্টির হয়ে মেয়র নির্বাচন করতে চান। ইতিমধ্যে লাঙ্গল প্রতীক ব্যবহার করে তার নামে নগরে পোস্টারিং করা হয়েছে। তবে- বাবুলের আগে থেকেই মাঠে আরেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুর রহমান চৌধুরী। এক সময় সিলেট শহরের রাজনীতিতে মাহবুবুর রহমানের পরিচিত ছিল। আমেরিকা বসবাসের সুবাদে পরিচিত কমে এলেও এবার সবার আগে থেকেই মাঠে মাহবুবুর রহমান। সিটি নির্বাচনে তার পক্ষে পোস্টারিং, ব্যানার, বিলবোর্ড স্থাপন করা হয়। মাহবুবুর রহমানকে নিয়ে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক জেলা সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ মাঠে। সঙ্গে আছেন মুকিতখান বলয়ের সাবেক নেতারা। এ কারণে মাহবুবুর রহমান ভোটের মাঠে শক্তি পাচ্ছেন। ইতিমধ্যে মাহবুবুর রহমানকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেখানেও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির সিলেটের ত্যাগী ও নিবেদিত নেতা আব্দুল্লাহ সিদ্দিকী। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এরশাদের প্রিয়জন ছিলেন। আব্দুল্লাহ সিদ্দিকী জীবনের শেষ বেলায় এসে এবারের সিটি করপোরেশন নির্বাচনে বাজি ধরতে যাচ্ছেন। তার প্রার্থী নজরুল ইসলাম বাবুল। আব্দুল্লাহ সিদ্দিকী বাবুলকে নিয়ে বাজি ধরায় অনেক নেতাই তাদের পেছনে এসে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে দিন দিন বহর বড় হচ্ছে বাবুলের। সিলেট নগরে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। পারিবারিক বিতর্কের কারণে বাবুল কিছুটা ব্যাকফুটে হলেও দলীয় হিসেবে আব্দুল্লাহ সিদ্দিকী সঙ্গে থাকায় ইমেজ নিয়ে ভোটের মাঠে হাঁটছেন বাবুল। আব্দুল্লাহ ও বাবুলের আয়োজিত ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী মানবজমিনকে জানিয়েছেন- জাতীয় পার্টি সিলেটে শক্তিশালী দল। আমরা মহাজোটভুক্ত হয়ে নয়, এককভাবে এবার সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রার্থী চূড়ান্ত। তিনি ভোটের মাঠে কাজও শুরু করেছেন। তিনি জানান- এসব বিষয় নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে আমাদের কথা রয়েছে। বেগম রওশন এরশাদ ও জিএম কাদের বলতে সিলেটে আমাদের কোনো গ্রুপিং নেই। আমরা সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গলের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো বলে জানান তিনি। সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র গঠিত জাতীয় পার্টি কাউন্সিলের সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম গতকাল বিকালে জানিয়েছেন- সিলেট সিটিতে আমরা একক প্রার্থী দিয়ে মাঠে থাকবো। আগামী এক সপ্তাহের মধ্যে প্রার্থীতা চূড়ান্ত করা হবে। যে দুইজন প্রার্থী আছেন, তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেয়া হবে। বেগম রওশন এরশাদ হচ্ছেন লাঙ্গলের মালিক, তিনি যার হাতে প্রতীক তুলে দেবেন তাকে নিয়ে আমরা নির্বাচনী মাঠে নামবো। লাঙ্গল প্রতীকের প্রশ্নে দলের ভেতরে কোনো কোন্দল নেই বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ