সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা : সংসদে সাত্তার ভূঁইয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা : সংসদে সাত্তার ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বহিষ্কৃত বিএনপি নেতা আবদুস সাত্তার ভূঁইয়া বলেছেন, আমার এলাকার মানুষ বুকভরা আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে আমাকে আবারও বিজয়ী করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্য দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি দাবি করেন, অনিচ্ছা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ বাধ্য হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবদুস সাত্তার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

একাদশ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির টিকিটে বিজয়ী হয়েছিলেন আবদুস সাত্তার ভূঁইয়া। বিএনপির দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। পরে দলীয় সিদ্ধান্ত ভুল দাবি করে স্বতন্ত্র নির্বাচন করেন বিএনপির সাবেক এ নেতা। পরে বিএনপি তাকে বহিষ্কার করে। নানা নাটকীয়তায় সরকারি সমর্থনে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি বিজয়ী হন। তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও প্রচারে অংশ নিয়েছিলেন।

একাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান।

নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির সাবেক এ নেতা। চার বছর না যেতে অনিচ্ছা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করে সাত্তার ভূঁইয়া বলেন, আমি যখন কোনো সিদ্ধান্ত নেই সেটা সততার সঙ্গে গ্রহণ করি। এলাকার উন্নয়নের স্বার্থে পদত্যাগের পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ