সেনবাগে এমপি মোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য মোরশেদ আলমকে তার নিজ এলাকা সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ শনিবার বেলা ১১টায় ঈদ-পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের বিপুলসংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী।
এ সময় বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন এফসিএ বলেন, ‘এমপি মোরশেদ আলম ফ্রিডম পার্টির সদস্য ছিলেন। এই ফ্রিডম পার্টির সদস্য থেকে সেনবাগ উপজেলা আওয়ামী লীগ মুক্তি চায়।’
তিনি আরও বলেন, ‘মোরশেদ আলম বিএনপি নেতা তারেক জিয়াকে নিয়মিত টাকা পাঠান। তার সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে হলে সেনবাগে এমপি মোরশেদ আলমকে হটাতে হবে। তাই তাকে সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ব্যবসায়ী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরও এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারকে আরও ক্ষমতায় থাকতে হবে। এমপি মোরশেদ আলম সেনবাগে যে কমিটিগুলো দিয়েছেন তাতে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে। নেতাকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এ কমিটি তৃণমূল আ.লীগ মানে না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোরশেদ আলমকে এমপি বানিয়েছেন জনগণের সেবা করার জন্য অথচ তিনি তার পরিবারের সদস্যদের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আজকের জনতার স্রোত প্রমাণ করে সেনবাগ আওয়ামী লীগ ভালো নেই। এখানে তৃণমূল আওয়ামী লীগ মোরশেদ আলমের একনায়কতন্ত্রের অবসান চায়। আগামী নির্বাচনে ফ্রিডম পার্টি বাদ দিয়ে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন দিতে হবে।’
এ বিষয়ে মোরশেদ আলম বলেন, ‘আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার তারা কে? আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলছুট লোকজন এসব করাচ্ছে। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এটি তারা মেনে নিতে পারছেন না বলেই এসব প্রপাগাণ্ডা চালাচ্ছে।’
জনতার আওয়াজ/আ আ