স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশের স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা বৃদ্ধি এবং তিস্তা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে চলমান প্রকল্প যেমন বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি শোধনাগারের পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতার প্রস্তাব এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি এবং আমিন বাজার পানি শোধনাগার সচল করার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়। এছাড়া স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতার বিস্তারিত বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত হয়।
সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প ইতিমধ্যেই চলমান রয়েছে। এই প্রকল্পগুলোর সঙ্গে সহযোগিতা আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন খাতে চীন কীভাবে আরও বেশি সহায়তা প্রদান করতে পারে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় চীনের সহযোগিতায় ইতিমধ্যে একাধিক প্রকল্প চলছে এবং এই সহযোগিতাকে সম্প্রসারণের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যার সমাধান চেয়ে আসা বাংলাদেশের জন্য চীন নিজ উদ্যোগে তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে সরকারি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা যাচ্ছে।
জনতার আওয়াজ/আ আ