হত্যা মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হত্যা মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাহেরচর গ্রামের নিহত মো. কাউছার (৩৬) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, পুলিশ কমিশনারসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবারের সদস্যসহ এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের মা মোসা. কুলসুম (৫৮) অভিযোগ করেন, তাঁর ছেলে মো. কাউছারকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হলেও মামলা দায়েরের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আদালতে সি.আর মামলা নং-৪৫৭/২০২৫ ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি মোতাবেক মামলা দায়ের করেছি। অথচ পুলিশের অবহেলা ও রহস্যজনক নিষ্ক্রিয়তার কারণে আসামিরা এখনো এলাকায় গা-ঢাকা দিয়ে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। বরং তারা মামলার অগ্রগতি ব্যাহত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

কুলসুম আরও অভিযোগ করে বলেন, মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং স্থানীয় প্রভাবশালী মহলের অপচেষ্টায় তাঁর পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি দাবি করেন, স্থানীয় ক্ষমতাসীন দলের একাংশের প্রভাবশালী সন্ত্রাসীদের সহযোগিতায় ভাড়াটে দুষ্কৃতকারীরা মামলাটি ধামাচাপা দিতে অর্থের বিনিময়ে মিথ্যা মীমাংসার চাপ সৃষ্টি করছে, যা ভুক্তভোগী পরিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কাউছার হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত নৃশংস ঘটনা। আসামিদের রাজনৈতিক প্রভাব ও অর্থবলকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রশাসনকে অকার্যকর করে তোলার চেষ্টা চলছে। একটি স্বাধীন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি নিরীহ পরিবারকে বিচার পাওয়ার জন্য রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তারা অবিলম্বে হত্যা মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজি), পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জরুরি আহ্বান জানান।

বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করা হয়, তবে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ ধরনের ঘটনা বিচারহীন থেকে গেলে সমাজে দৃষ্টান্তমূলক অপরাধ সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে। ন্যায়বিচারের স্বার্থে ভুক্তভোগীর পরিবার সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছে।

মানববন্ধনে নিহত কাউছারের পরিবার ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ