হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাইকোর্টে ৫ মামলায় জামিন পেলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হককে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় এসব মামলা দায়ের করা হয়।

বুধবার (৩ মে) তার জামিন বিষয়ে রুল ঘোষণা করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা বলেন, ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ঢাকার পল্টনের চার মামলা ও হাটহাজারীর এক মামলায় হাইকোর্ট মামুনুল হকের জামিন বিষয়ে রুল জারি করেছিলেন। আজ রুল যথাযথ ঘোষণা করে এই পাঁচ মামলায় তাকে হাইকোর্ট জামিন দিয়েছেন। তবে তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। এ কারণে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। এর মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন তিনি। এ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ