২৪ ঘন্টা ডিউটি থেকে মুক্তি চায় প্রা. বিদ্যালয়ের প্রহরীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীদের বাধ্যতামূলক ২৪ ঘন্টা ডিউটি থেকে মুক্তিসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি।
সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো মজিবুর রহমান বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীরা মানবেতর জীবনযাপন করছি। পৃথিবীর কোথাও নাই যে ২৪ ঘন্টা ডিউটি করতে হবে। দিনে স্কুলের দপ্তরির কাজ করতে হচ্ছে এবং রাতে পাহারা দিতে হচ্ছে। বিগত ১০ বছর যাবৎ আমরা এ ডিউটি করছি। পাশাপাশি দুই ঈদের কোনোটাতেই আমরা উৎসব বোনাস পাই না। ২০১২ সালের আউটসোর্সিং নীতিমালা অনুচ্ছেদ ১১/১ মোতাবেক নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের সরকারি ছুটি পাবার কথা থাকলেও আমরা কোন ধরনের ছুটি পাই নাই।
তিনি আরো বলেন, শুধুমাত্র স্কুল টাইমে আমরা ডিউটি করব হাইকোর্টের এমন নির্দেশ থাকলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে না। রাতে বিদ্যালয় পাহারা দেয়ার সময় যদি কোন ধরনের চুরি হয় তাহলে তার সম্পূর্ণ দায়ভার আমাদের নিতে হয়। বছরে আমাদের কোন ছুটি নাই। এমন কি যেদিন স্কুল বন্ধ থাকে সেই শুক্রবারও আমাদের ডিউটি করতে হয়। বেতন ঠিকমতো দিলেও আমরা কোন ধরনের উৎসব ভাতা পাচ্ছি না। তাই আমাদের দাবি আদায়ের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি।
দপ্তরি কাম প্রহরীদের দাবি ৩ টি হচ্ছে-
১. চাকুরী জাতীয় করণ করা।
২. ২৪ ঘন্টা নয় মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী স্কুল টাইমে ডিউটির পরিপত্র জারি করা।
৩. বেতন ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতা চালু করা।
মানবন্ধনের সভাপিতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি ঢাকা বিভাগের সভাপতি মো. মজিবুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধন কান্ত বাড়ই, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক শ্রী রুবেল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ