৬৬তম ডক্টরেট ডিগ্রী পেলেন প্রফেসর ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬৬তম ডক্টরেট ডিগ্রী পেলেন প্রফেসর ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

 

পেরুর সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননাসূচক পিএইচডি ডিগ্রী পেলেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। কলম্বিয়ার রাজধানী বোগোটায় গত ১৩ নভেম্বর অ্যাম্বেসী স্যুইটস হিলটনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেয়া হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে মুহাম্মদ ইউনূসের ভেরিভাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে, বিশেষ করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দরিদ্রতম ও সুবিধাবঞ্চিত মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে বিশ্ববিদ্যালয়টি নিজেদের সর্বোচ্চ সম্মাননা প্রদান করলো।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ডিগ্রী প্রদানের পূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রফেসর ইউনূসকে ডিগ্রীপ্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিচ্ছদ পরানো হয়। পেরু ও বাংলাদেশ উভয় দেশের পুরো জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. জিনেট রডরিগেজ বিশ্ববিদ্যালটির ইতিহাস ও পটভূমি বর্ণনা করেন এবং কেন তাকে এই সম্মানসূচক ডিগ্রী প্রদান করা হয়েছে তা ব্যাখ্যা করেন।

সম্মাননার আনুষ্ঠানিকতা হিসেবে প্রফেসর ইউনূসকে একটি সার্টিফিকেট, মেডেল ও পেরুর বিশিষ্ট কবি সিজার ভাল্লেও’র সম্পূর্ণ সাহিত্যকর্ম প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মি. সিজার আকুনিয়া বলেন, বিশ্ববিদ্যালয় কমিউনিটির একজন হিসেবে প্রফেসর ইউনূসকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। তিনি আরও ঘোষণা করেন যে অচিরেই এই বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

সিজার ভাল্লেও বিশ্ববিদ্যালয় মূলত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকে এবং এর প্রতিষ্ঠাতার দর্শনই হচ্ছে কেউ যেন অর্থাভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। প্রফেসর ইউনূসের পূর্বে বিশ্ববিদ্যালয়টি আরও ১১ জন নোবেল বিজয়ীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে। তাদের মধ্যে রয়েছেন চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ী এডওয়ার্ড মোজার ও সাহিত্যে নোবেল জয়ী মারিও ভারগাস ইয়োসা।

এই সম্মানসূচক ডক্টরেটটিসহ প্রফেসর ইউনূস এ পর্যন্ত ২৭টি দেশ থেকে ৬৬টি ডক্টরেট ডিগ্রী পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ