অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

 

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় যারা ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর ও সদরদপ্তরে হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পদ্মা সেতুর ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমি বলব, দেশের কিছু লোকের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। যখনই আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড সেখানে চলে গিয়েছে আগুন নেভাতে। এর সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার বাহিনী, ভলান্টিয়ার প্রত্যেকে সকাল থেকে কাজ করে যাচ্ছে। কথা নেই বার্তা নেই, দুপুরের পর একদল লোক লাটিসোঁটা নিয়ে ফায়ার সার্ভিস অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো শুরু করে।’

এ সময় প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা ফায়ার ব্রিগেডে হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারপ্রধান বলেন, ‘বঙ্গবাজার মার্কেটে একবার ১৯৯৫ সালে আগুন লাগে। এরপর আবার ২০১৮ সালে আগুন লাগে। তারপর আমরা এখানে সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধা নয়, একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়।’

তিনি বলেন, ‘সে সময় যদি এটা স্থগিত না করত, তাহলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। তাহলে আজ এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটত না।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় কত মানুষ ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের কষ্ট, তাদের কান্না, এটা সহ্য করা যায় না। ইতোমধ্যে আমি বলে দিয়েছি তাদের যতটুকু পারি সাহায্য করব।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ