অভিনেত্রীর আত্মহত্যার প্ররোচনায় প্রেমিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার প্রেমিক তথা সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) রাতেই মুম্বাই পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিলেন অভিনেত্রীর মা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশা। গতকাল (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ে সেই ধারাবাহিকের সেটেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরই ধারাবাহিকে তুনিশার সহ-অভিনেতা তথা প্রেমিক শিজানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ করার পর পুলিশ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে জানা যায়, পুলিশ তাকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোনটিও। প্রসঙ্গত, মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই তার মা অভিযোগ করেছিলেন, তুনিশার সম্প্রতি প্রেম ভেঙেছিল। এই কারণেই মেয়ে চরম পথ বেছে নিতে পারে। এই প্রসঙ্গেই শিজানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর আত্মহত্যার প্ররোচনার মামলায় পুলিশ শীজানকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় শুটিংয়ের সেটে হাজির কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। শুধু ছোটপর্দার নয়, তুনিশা বড়পর্দাতেও বহু বার অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায়, ক্যাটরিনা অভিনীত বহু সিনেমায় তার চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে এই ধরনের চরিত্রে দেখা গেছে তাকে।
তুনিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুম্বাইয়ের ছোটপর্দার জগতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে।
জনতার আওয়াজ/আ আ