আজকে দেশে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে : বুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজকে দেশে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে : বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় থাকতে পদত্যাগ করে দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেছেন, ‘আজকে দেশে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। দেশর সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসে দাড়াচ্ছে। শেখ হাসিনা আপনি সময় থাকতে থাকতে পদত্যাগ করে দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিন। না হলে গণআন্দোলনের মাধ্যমে আপনার পদত্যাগ হলে, আপনার নেতাকর্মীদের কি অবস্থা হবে, সেটা আল্লাহ বলতে পারে, আমরা বলতে পারি না।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে মানব সেবা সংঘ।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘আমরা আন্দোলন করছি এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমার ভোট আমি দিবো, যাকে খুঁশি তাকে দিবো, সেই অবস্থা ফিরিয়ে আনার জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্র, বাক স্বাধীনতা, মৌলক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার জন্য। কিন্তু আজকে সংবাদপত্রের বিরুদ্ধে কালা-কানুন। মানুষের মৌলক অধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি অবিলম্বে পদত্যাগ করেন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেন।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘গত ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে আপনার (প্রধানমন্ত্রী) বক্তৃতার অনেক অংশজুড়ে ছিল ভোট। আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এই দেশের মানুষ আর ভোট চোরদের দেখতে চায় না। ভোট চোরদের ইজ্জত করে না, সম্মান করে না। ভোট চোরদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নেই। ভোট চোরদের জনগণ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। বিবেকের তাড়নায় মনের অজান্তে এই শব্দগুলো আপনার মুখ থেকে বের হয়ে এসেছে।’

ভোট চোরদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন সংগ্রাম উল্লেখ করে দলটিরে এ নেতা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে আপনি (শেখ হাসিনা) জামায়াত ইসলাম, জাতীয় পার্টি এই দলগুলোকে নিয়ে ১৭৩ দিন হরতাল-ধর্মঘট করে এদেশে তত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছিলেন। আমরা (বিএনপি) এই তত্বাবধায়ক সরকারের বিল পাস করেছিলাম। তারপর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনি (শেখ হাসিনা) এই তত্বাবধায়ক সরকারের বিল বিলুপ্ত করলেন কী কারণে? আপনি (শেখ হাসিনা) জানেন নিরপেক্ষ ভোট হলে আপনি নির্বাচিত হতে পারবেন না।’

প্রধানমন্ত্রীর শ্বশুড় বাড়ি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জামানত বাজেয়াপ্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘আগামী দিনে যদি এ দেশ নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। তাদের জামানত বাজেয়াপ্ত হবে।’

গতাকাল রুহুল কবির রিজভীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে গেছে উল্লেখ ক‌রে এ ঘটনার তীব্র নিন্দাও জা‌নি‌য়ে বরকত উল্লাহ বুলু বলেন, ‘রিজভী আহমেদের মামলা পরিচালনা না করার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আজকে দেশে কি অবস্থা? আমার আইনজীবী আমার পক্ষে মামলা পরিচালনা করতে পারবে না, কোর্টে যেতে পারবে না, ধমক দিবে, প্রাণনাশের হুমকি দিবে। আমরা কোন দেশে বসবাস করছি। আফ্রিকাতেও তো এই অবস্থা নেই।’

মানব সেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নির্বাহী সদস্য অ্যাড. আবেদ রেজা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ