আটকেপড়া ঢাবি শিক্ষার্থীরা সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আটকেপড়া ঢাবি শিক্ষার্থীরা সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৭:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৯, ২০২২ ৭:০৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে বন্যায় আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে সুরমা নদীর চর থেকে উদ্ধার করেছে সেনবাহিনী।

রোববার সকালে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

জানা যায়, গত ১৪ জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। হঠাৎ বন্যা দেখা দেয়ায় সেখানে তারা আটকা পড়েন।

পরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ‘কপোতাক্ষ-অনির্বাণ’ নৌযানের মাধ্যমে তাদের উদ্ধার করে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। এ সময় আরো বেশ কয়েকজন যাত্রীকে নৌযানটিতে তোলা হয়। তবে রাত সাড়ে ৮টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নৌযানটি অচল হয়ে পড়ে।

রাতের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে রোববার সকাল ৮টায় সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। এরপর ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জনসহ সর্বমোট ৩১ জন শিক্ষার্থীকে স্পিডবোটে করে সুনামগঞ্জের ছাতকে নেয়া হয়। বর্তমানে তাদেরকে সিলেট ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, উজান থেকে আসা পানি ও টানা চার দিনের বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলা থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ