আত্মসমর্পণ করে জামিন পেলেন ঊর্মি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে হাজির হন। পরে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
এরপর বেলা ১১টা ২৩ মিনিটের দিকে জামিন বিষয়ে শুনানি শুরু হয়। ঊর্মির পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বাদী পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি গত ৫ অক্টোবর শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লিখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়।
জনতার আওয়াজ/আ আ