আমরা আরও ঘনিষ্ঠ হবো, মুইজ্জুর উদ্দেশ্যে ড.ইউনূস - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা আরও ঘনিষ্ঠ হবো, মুইজ্জুর উদ্দেশ্যে ড.ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে দুই সরকারপ্রধানই জোর দেন।

বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্কের কার্যকরীকরণ, জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন দুই সরকারপ্রধান।

বৈঠকে প্রধান উপদেষ্টা মুইজ্জুর উদ্দেশে বলেন, ‘আমরা আরও ঘনিষ্ঠ হবো। আমাদের মধ্যে দূরত্ব রাখা উচিত নয়।’

এ সময় তিনি সার্ককে অর্থনৈতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ এশীয় অঞ্চলের আরও ঘনিষ্ঠ সংহতির জন্য সক্রিয় দেখতে চান বলে জানান।

ড. ইউনূস বলেন, দুই দেশের মধ্যেই অনেক বিষয়ে মিল রয়েছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব অন্যতম। জলবায়ু সংকট থেকে উদ্ভূত বিপদগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের সমগ্র অস্তিত্বই হুমকির মুখে।’

মালদ্বীপের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, দুই দেশ পর্যটন, মৎস্য ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসাথে কাজ করতে পারে।

মুইজ্জু দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বলেন, ‘যদি আমাদের দুটি দেশ একসাথে কাজ করে, তাহলে এটি দুই দেশের জনগণের জন্যই উপকারী হবে।’

এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যেই তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার পর তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন নোবেলজয়ী ড. ইউনূস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ