আমার প্রথম কাজ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা: ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার প্রথম কাজ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশের চলমান পরিস্থিতি নিয়ে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ।’ কারও ওপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখুন।’

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটের কিছু পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। এরপর তিনি বিমানবন্দরে অপেক্ষমাণ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এ বলেন।

দেশে চলমান হামলা, সংঘর্ষ নিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি আমার ওপর ভরসা রাখেন, তাহলে কারও ওপর হামলা হবে না।’ আগামীর সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘সরকারকে দেখে মানুষ ভয় পাবে না, তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে।’

তিনি বলেন, ‘বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। ড. ইউনূস বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কথা স্মরণ করে এ সময় কান্নাজড়িত কণ্ঠে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকে আমার আবু সাঈদের (রংপুরে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।’

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছে। এদিন রাত সাড়ে ৮টা শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।

এরপর দেশে ফিরলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ