আ’লীগ এখন সামনের কাতারে না বিরোধী দলের পেছনে পেছনে হাঁটছে : সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির দিকে ইঙ্গিত করে গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন সামনের কাতারে না- বিরোধী দলের পেছনে পেছনে হাঁটছে, বিরোধী দলের কর্মসূচির লেজুড়বৃত্তি করছে। বিরোধী দল যখন সমাবেশ দিচ্ছে, তারা পাল্টা কর্মসূচির দিচ্ছে। এভাবে সহিংসতা, ভয়ভীতি তৈরি করে দখলদারিত্বকে দীর্ঘায়িত করতে চায় তারা।’
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির প্রতিটি ইউনিয়নে এই পদযাত্রা কর্মসূচি করছে। এ ছাড়া এলডিপিও রাজধানীর বিভিন্ন রুটে পদযাত্রা করে।
সাইফুল হক বলেন, ‘সরকারের খুবই মন খারাপ- কেন? বিরোধী দল একটা গাড়ি ভাংচুর করছে না, কেন একটা বাসে তারা আগুন দিচ্ছে না। যদি এই সহিংসতা করে, তারা (সরকার) গায়েবি মামলা দিয়ে, ভুয়া মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে দমন করতে পারে, গ্রেপ্তার করতে পারে। আজকে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনেরও সরকারি দল সমালোচনা করছে। এটা ঐহিত্যবাহী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের একটা বড় রাজনৈতিক পরাজয়।’
বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কাছে গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা শুরু করে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ করে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা মনির উদ্দিন পাপ্পুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।
জনতার আওয়াজ/আ আ