আ'লীগ প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল : ফয়জুল করীম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল। শুধু আওয়ামী লীগ ও তাদের দোসররা ছিল জালিম আর সবাই ছিল মজলুম। ক্ষমতার অপপ্রয়োগ, অধিকার হরণ, জুলুম, নির্যাতন, গুম, খুন এমনকি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়াসহ হেন কোনো কাজ নেই, যা তারা করেনি। ফলে আপামর জনসাধারণ ছাত্রবিক্ষোভের সঙ্গে নিঃস্বার্থভাবে একাত্মতা পোষণ করে এবং স্বৈরাচার পতনের একদফা দাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেয়। অগণন ছাত্র-জনতার জীবন, রক্ত ও হতাহতের মধ্যদিয়ে এই দেশবিরোধী অপশক্তির পতন হয়। সুতরাং এই সন্ত্রাসীদের বাংলাদেশের জমিনে আর রাজনীতি করার কোনো অধিকার নেই। অতএব তাদের প্রতি নম্রতার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে। খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

সভায় আগামীকাল বুধবার বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন দলের নেতা ইউনুছ আহমাদ, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, নেছার উদ্দিন, এবিএম জাকরিয়া, শওকত আলী হাওলাদার, আব্দুর রহমান, জিএম রুহুল আমিন, খলিলুর রহমান, এম হাছিবুল ইসলাম, বরকত উল্লাহ, আরিফুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ