আ’লীগ সরকারের আমলে পিতার সুষ্ঠু বিচার আশা করি না : রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন পিতা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার আশা করেন না গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও প্রয়াতের সন্তান ড. রেজা কিবরিয়া। শাহ এ এম এস কিবরিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকীতে আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত শেষে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, ‘দুই বছর তত্ত্বাবধায়ক সরকার, দুই বছর বিএনপি সরকার এবং ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও এই হত্যার কোনো বিচার হয়নি। এ থেকে সহজেই অনুমান করা যায়—তারা চেষ্টা করেছেন মিথ্যা তদন্ত, মিথ্যা মামলা দিয়ে আসল খুনিদের আড়াল করতে। তাই আমি মনে করি, শেখ হাসিনা ওয়াজেদ যে শাসন প্রতিষ্ঠা করেছেন, সেখানে আইনের শাসন ও সুষ্ঠু বিচারের আশা করা কঠিন।’
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘শহীদ শাহ এ এম এস কিবরিয়ার মতো একজন গুণী মানুষকে হত্যা করা হলো, অথচ ওনার হত্যার বিচার করছে না এই আওয়ামী সরকার—যিনি এই আওয়ামী লীগকে খাদের কিনারা থেকে টেনে এনে ক্ষমতায় বসতে মুখ্য ভূমিকা পালন করেছেন। বিচার প্রক্রিয়া বারবার পেছানোর কারণে আমাদের মনে একটি সন্দেহ দেখা দিয়েছে, শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত কি না?’
প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ড. রেজা কিবরিয়াসহ গণঅধিকার পরিষদের নেতারা।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুবঅধিকার পরিষদের আহ্বায়ক মঞ্জুর মুর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়া ও চাচাতো ভাই শাহ আজাদ আলী সুমন।
ওই সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব জিলু খান, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোবারক হোসেনসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ