আষাড়িয়াদহে বিদ্যুৎ সংযোগের দাবিতে নেসকো চেয়ারম্যান বরাবর স্মারকলিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আষাড়িয়াদহে বিদ্যুৎ সংযোগের দাবিতে নেসকো চেয়ারম্যান বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি
‎রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় শিক্ষার্থী ও কর্মজীবীদের সংগঠন ‘আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোট’।

‎শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর মাস্টারপাড়া এলাকায় অবস্থিত নেসকো পিএলসি স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রজেক্ট অফিসে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন নেসকো চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

‎স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পদ্মা নদীর ওপারে অবস্থিত চর আষাড়িয়াদহ ইউনিয়নটি প্রায় ৬০-৭০ হাজার মানুষের বসবাসরত একটি বৃহৎ জনপদ, যেখানে ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজার। স্বাধীনতার পর থেকে এ অঞ্চলটি অবহেলিত অবস্থায় রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সংযোগ না থাকায় এখানকার জীবনমান চরমভাবে ব্যাহত হচ্ছে।

‎২০১৫ সালে একটি বেসরকারি মিনি-সৌর বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে সীমিত বিদ্যুৎ সরবরাহ চালু হলেও সেটি বর্তমানে অচল। ১৫৮ কিলোওয়াট ক্ষমতার গ্রিডটি এখন পিক আওয়ারে মাত্র ৩৫-৪০ কিলোওয়াট বিদ্যুৎ দিতে পারে। ২০২৪ সালের ২০ জুন থেকে সেটিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে পুরো ইউনিয়ন বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন।

‎স্মারকলিপিতে আরও বলা হয়, সরকার ‘শতভাগ বিদ্যুতায়নের’ ঘোষণা দিলেও নিম্নমানের সৌর প্যানেল বিতরণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অকেজো হয়ে পড়ে। ফলে এখানকার মানুষ এখনও কেরোসিনের বাতি ও চেরাগের উপর নির্ভরশীল। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষাব্যবস্থা, কৃষি, চিকিৎসা ও ক্ষুদ্র ব্যবসায় ভয়াবহ প্রভাব পড়ছে।

‎আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের সভাপতি আবদুল্লাহ আল কাফি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেলেও আমরা এখনও চেরাগের আলোয় পড়াশোনা করি। এটা শুধু অবহেলা নয়, এক ধরনের বৈষম্য। আমরা আলোর অধিকার চাই, এটি আমাদের মৌলিক অধিকার।’

‎এ বিষয়ে নেসকো’র চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা যদি বলি দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছেছে, তাহলে আষাড়িয়াদহ ইউনিয়ন এখনও বিদ্যুৎবিহীন কেন? বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অতি দ্রুত ব্যবস্থা নিয়ে আষাড়িয়াদহ ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ