ইউরোপে নিযুক্ত দূতদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৭, ২০২৩ ২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৭, ২০২৩ ২:১৬ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
ইউরোপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪শে জুলাই সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের অভিজাত এক হোটেলে সরকার প্রধানের সঙ্গে আলোচনায় ওই অঞ্চলের ১৩ জন রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। একাধিক রাষ্ট্রদূত সেগুনবাগিচার এমন নির্দেশনা পাওয়ার কথা কাছে স্বীকার করেছেন। জানিয়েছেন, সরকার প্রধানের আগ্রহের প্রেক্ষিতে ২৪শে জুলাই সন্ধ্যার আগে তাদের রোমে পৌঁছার প্রস্তুতি রাখতে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। দু’একদিনের মধ্যে লিখিত নির্দেশনা পাওয়ার আশা করছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩শে জুলাই থেকে শুরু হওয়া জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে অংশ নিতে রোম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সম্মেলনের উদ্বোধনীতে অংশ নেয়ার পাশাপাশি বন্ধু রাষ্ট্র ইতালির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন তিনি। সেই সুযোগে ওই অঞ্চলে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের জরুরি নির্দেশনা দিবেন। আগামী ২৪-২৬শে জুলাই রোমের এফএও হেড কোয়ার্টারে ইউএন ফুড সিস্টেম স্টকটেকিং সামিট অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের গুরুত্ব বর্ণনায় সরকারের একাধিক কর্মকর্তা বলেন, সম্মেলনে ৬/৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সোসাইটি এবং এনজিও ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
জনতার আওয়াজ/আ আ