ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: নৌপ্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
আসন্ন ঈদকে সামনে রেখে মানুষের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
বুধবার (১১ মার্চ) বিকেলে মানিকগঞ্জের আরিচা, পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে পাটুরিয়া ঘাটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা বন্ধপরিকর। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো যাত্রীভাড়া না বাড়িয়ে সেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া।’
রাজীব আহসান বলেন, ‘নদীর গতিপথ পরিবর্তনের কারণে ফেরি ও লঞ্চঘাটের অবস্থানও অনেক সময় বদলে যায়। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি রুট সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে আগামীর ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে।’
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ