উইন্ডমিল কর্ণধার তানিমকে গ্রেপ্তারের দাবি রাশেদ প্রধানের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উইন্ডমিল কর্ণধার তানিমকে গ্রেপ্তারের দাবি রাশেদ প্রধানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
উইন্ডমিল লিমিটেডের কর্ণধার সাব্বির রহমান তানিমকে ফ্যাসিজমের মিডিয়া ডন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দুর্নীতির মাধ্যমে অর্থের যোগানদাতা বলে দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তানিমের গ্রেপ্তারের দাবি জানিয়ে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রাশেদ প্রধান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ ও বিশ্লেষণধর্মী স্ট্যাটাস দেন।

রাশেদ প্রধানের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

১/ ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। টাকা চুরি করিনি, টাকা পকেটে চলে এসেছে। প্রথম বাক্যটা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মুখে আমরা সবাই শুনেছি। দ্বিতীয় বাক্য যেটা আমরা কেউ শুনি নাই, আজ চলুন সেই গল্পটা শুনি।

জুনায়েদ আহমেদ পলকের পকেট এজেন্সির নাম উইন্ডমিল। আর এই উইন্ডমিলের কর্ণধার সাব্বির রহমান তানিম। তানিমের কাজ ছিল ২টি:

ক) অপ্রয়োজনীয় এবং আজগুবি কাজের মাধ্যমে সরকারি অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা আত্মসাৎ এবং জুনায়েদ আহমেদ পলককে তার কমিশন বুঝিয়ে দেওয়া।

খ) দেশের মানুষের মাথায় টুপি পরানো, চোখে ধুলা দিয়ে আজগুবি আওয়ামী উন্নয়নের গল্প দিয়ে মানুষকে ব্যস্ত রাখা।

আওয়ামী ইভেন্ট মাফিয়া অথবা মিডিয়া ডনদের মাঝে সেরা গাউসুল আলম শাওনের পরেই থাকবে সাব্বির রহমান তানিমের নাম। নিম্নরুচির ঠিকাদারি ও চাঁদাবাজি মস্তিষ্ক ব্যবহার করে সাব্বির রহমান তানিম, শেখ হাসিনার ফ্যাসিজমকে বৈধতা দেওয়ার কাজে নিয়োজিত ছিল। এই কারণে হাসিনাপুত্র জয়ের আশীর্বাদের হাতও ছিল তানিমের মাথার উপরে, সাথে দেদারসে অর্থ উপার্জন তো আছেই।

২/ আধা সের পানিতে তিন আঙুলের এক চিমটি লবণ আর এক মুঠ গুড়, “হয়ে গেল স্যালাইন”। নতুন একটি নামকরণে নতুন একটি আয়োজন আর শেখ পরিবারের গুণগান, “হয়ে গেল অনুমোদন”। প্রজেক্ট প্রপোজাল রেডি হলেই ভোঁ দৌড় জুনায়েদ আহমেদ পলকের আইসিটি মন্ত্রণালয়ে। লোক দেখানো প্রতিযোগিতাহীন টেন্ডারে বিশাল ইভেন্টের উপার্জন। আওয়ামী দুঃশাসন থেকে জনগণের দৃষ্টিকে দূরে রাখার চমৎকার প্রক্রিয়া।

ডিজিটাল বাংলাদেশ দিবস: আইসিটি বিভাগের উদ্যোগে, সিআরআই ও এটুআই এর তত্ত্বাবধানে ১২ ডিসেম্বর পালিত হয়েছে এই দিবস। এর ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ অপচয় ও লুটপাট হয়েছে দেদারসে।

শেখ রাসেল দিবস: ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। ‘ক’ শ্রেণিভুক্ত রাষ্ট্রীয় মর্যাদায় এই দিবস পালন করতে হবে। কেন করতে হবে তার ব্যাখ্যা আমার জানা নেই, তবে আয়োজক সাব্বির রহমান তানিম জানলেও জানতে পারেন।

ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল: ২০১৮ সালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে এ কাউন্সিল উদ্বোধন করা হয় দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে। উদ্বোধক ছিলেন সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক, আয়োজক তানিম। শুধু তাই নয়, সাধারণ সম্পাদকও তিনি। সভাপতি ছিলেন ধানসিঁড়ি কমিউনিকেশনের এমডি শমী কায়সার। সেদিন তিনি নেটফ্লিক্সের বিকল্প প্ল্যাটফর্ম চালুর ঘোষণাও দিয়েছিলেন, যা তানিমের মালিকানাধীন “থার্ড বেল” প্ল্যাটফর্মকে ঘিরে স্বপ্ন মাত্র।

বাংলাদেশ স্টার্টআপ সামিট: সরকারের পক্ষ থেকে ১০০ কোটি টাকার বাজেটের এই প্রকল্পে আয়োজকও ছিলেন সাব্বির রহমান তানিম।

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড, বঙ্গবন্ধু ন্যাশনাল স্কিলস কম্পিটিশন, জাতীয় যুব দিবস, স্টার্টআপ কম্পিটিশন, আইডিয়াথন, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, বেসিস সফট এক্সপো, ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি, বিপিও সামিট, এটুআই প্রচারণা ভিডিও, আইডিএ একাডেমি— সব আয়োজনেই তানিম ছিলেন পলকের আশীর্বাদপুষ্ট আয়োজক।

কোভিড-১৯ পরবর্তী আইসিটি রোডম্যাপ– “Overcoming the Challenges and Leveraging New Opportunities for ICT Industry” প্রকল্পের কো-অর্ডিনেটরও ছিলেন সাব্বির তানিম।

৩/ গত ২৭ জুন জাতীয় দৈনিক আমার দেশ-এর অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায়, আওয়ামী আমলে ইভেন্ট ম্যানেজমেন্ট খাত থেকে লুট হয়েছে হাজার কোটি টাকা। সেই রিপোর্টে উঠে এসেছে সাব্বির তানিম এবং উইন্ডমিলের নাম।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত শ্বেতপত্রে আইসিটি বিভাগের দুর্নীতির তালিকায় ১৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ নম্বরে রয়েছে সাব্বির তানিম ও উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড।

৪/ শেখ হাসিনার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমকে জায়েজ করা, সরকারি কাজের নামে আওয়ামী প্রচারণা চালিয়ে জনগণের ভ্যাট-ট্যাক্সের কোটি কোটি টাকা লুট, মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে অপরাধ ঢাকার অভিযোগে সাব্বির রহমান তানিমকে কখন বিচারের আওতায় আনা হবে?

রাশেদ প্রধান প্রশ্ন রাখেন:
– কে বা কারা হাসিনামুক্ত নতুন বাংলাদেশে তানিমকে রক্ষা করছে?
– কবে তাকে প্রশাসন জিজ্ঞেস করবে, জনগণের কত টাকা আত্মসাৎ করেছে?
– সেই টাকা দেশে আছে না বিদেশে পাচার হয়েছে?
– পলকের ভাগের টাকাও কি পুরোপুরি বুঝিয়ে দিয়েছে?

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ