উচ্চ আদালতের সংস্কার না হলে বিচারপ্রার্থীরা সুফল পাবে না: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: খবরের কাগজ
উচ্চ আদালতের সংস্কার করা না হলে বিচারপ্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সার্কিট হাউজ প্রাঙ্গণে ই-বেইলবন্ড প্রবর্তন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘আইন ও বিচার বিভাগ থেকে যে সংস্কারগুলো আনা হয়েছে তার মূল লক্ষ্য বিচারের সময় কমানো। নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালতের সংস্কার করা না হলে বিচারপ্রার্থীরা সুফল পাবে না।’
তিনি বলেন, ‘বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমাতে এখন ই-বেইলবন্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে দেশের বিচারব্যবস্থায় দ্রুত সময়ে সুফল আসবে। বিচারপ্রার্থীদের ভোগান্তি হ্রাস করার পাশাপাশি খরচের সাশ্রয় হবে। এই পদ্ধতি চালু করায় দেশে নতুন মাইলফলক সৃষ্টি হবে।’ ধীরে ধীরে সারা দেশে এই উদ্যোগ সম্প্রসারণের কথা উল্লেখ করেন উপদেষ্টা।
এখনো সংস্কার শেষ হয়নি জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে, সংস্কারও চলমান থাকবে।’
এর আগে, দেশে প্রথমবারের মতো নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। এ সময় তিনি নারায়ণগঞ্জকে গডফাদার ও নির্যাতনের প্রতীক হিসেবে উল্লেখ করে জনপদের মুক্তির কথা তুলে করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগ সরকার মানুষকে হত্যা করে উল্লাস প্রকাশ করতো। অথচ এই সরকার মানবিক সরকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার।’
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ