এই মুমূর্ষু গণতন্ত্রকে প্রাণ ফিরিয়ে দেবে আজকের বিএনপি : নজরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ইতিহাস সাক্ষী গণতন্ত্রকে বারবার হত্যা করেছে আজকে যারা ক্ষমতায় বসে আছে। আর গণতন্ত্রকে বারবার উদ্ধার করেছে বিএনপি। আজকের এই মুমূর্ষু গণতন্ত্রকে প্রাণ ফিরিয়ে দেবে আজকের বিএনপি।’
রবিবার (১৭ এপ্রিল) নয়াপল্টনে একটি হোটেলে জিয়া পরিষদের এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘এটা আমাদের কাঙ্ক্ষিত দেশ নয়। এ রকম একটা দেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। এটা এমন একটা পরিস্থিতি আমাদের ওপর চেপে বসে আছে, এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। আর সেই মুক্তির লড়াই, গণতন্ত্রের লড়াই তো রাজপথেই। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, গণতন্ত্রের লড়াই।’
তিনি বলেন, ‘আমরা সেই বাংলাদেশ ফিরে পেতে চাই, যে বাংলাদেশ আমরা লড়াই করে প্রতিষ্ঠা করেছিলাম। সেই বাংলাদেশের জন্য আমাদের লড়াই করতে হবে নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই কাজটা আমাদের করতে হবে ঐক্যবদ্ধভাবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এম ওবায়দুল ইসলাম, তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নশুসহ সংগঠন টির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
জনতার আওয়াজ/আ আ