একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের সব সদস্যের সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১০ ডিসেম্বর) সাভারে অবস্থিত আরভিএন্ডএফ ডিপোতে সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধান এই আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান আরভিএন্ডএফ ডিপোতে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আরভিএন্ডএফ কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আরভিএন্ডএফ কোরের অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সব বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় সেনাপ্রধান আরভিএন্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের ৩য় ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল্লাহ। সাভারে অবস্থিত আরভিএন্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে আরভিএন্ডএফ কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গৌরবমন্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।
জনতার আওয়াজ/আ আ