এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২০, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না । ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, সেই স্বাধীনতাবিরোধী দলটিকে কোনোভাবেই ক্ষমতায় আনবে না।’

একই সঙ্গে তিনি বলেন, ‘ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারকারীদের ক্ষমা করবে না।’

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘একটি মহল জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ জুলাই সনদ তৈরি করেছে বিএনপিই, সংস্কারের দাবিও আমাদের, উল্লেখ করে তিনি বলেন, সত্য কথা বলে জনগণের রাজনীতি করার বিকল্প নেই।’

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে, ভূল্লী ও রুহিয়াকে উপজেলা করা হয়েছে। অবহেলিত এ জেলা এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।’

এ সময় দীর্ঘদিন বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন, ‘আমাদের তরুণ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ঠাকুরগাঁওবাসীকে এই বিমানবন্দর চালুর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই আজ মন্ত্রী এখানে পরিদর্শনে এসেছেন। আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দর চালুর সব প্রক্রিয়া ও উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়নমূলক বিভিন্ন কাজ মাঠপর্যায়ে দৃশ্যমান হতে শুরু করেছে।’

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কথা দিয়ে গেছেন, তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে।’

তিনি বলেন, ‘বিমানবন্দরটি চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, কারিগরি সক্ষমতা ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে এবং আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দর চালুর বিষয়ে সরকার আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ের ভৌগোলিক অবস্থান, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ