এবি পার্টির ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা বৃহস্পতিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবি পার্টির ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী (বৃহস্পতিবার) ১৬ অক্টোবর বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে।

একইদিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দলটি।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল তারা দীর্ঘ কার্যক্রম শেষ করে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছেন। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চুড়ান্ত করা হয়।

মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। এর ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন‍্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ