কুমিল্লার চান্দিনা বিএনপি ও এলডিপির ২৬ নেতাকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনা বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এলডিপির ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে ১৮ জন বিএনপি ও ৮ জন এলডিপি নেতা।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূইয়া ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ ২৬ জন।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলায় তারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে কুমিল্লা বিজ্ঞ জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
৬ সপ্তাহ শেষে মঙ্গলবার কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি ও এলডিপি নেতাকর্মীরা। এ সময় বিজ্ঞ জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এলডিপি নেতাকর্মীদের আইনজীবী আতিকুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আমরা উচ্চ আদালতের নির্দেশক্রমে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু বিজ্ঞ আদালত নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রকৃতপক্ষে ওই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত ছিলেন না।
জনতার আওয়াজ/আ আ