কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা ও সম্মেলন প্রস্তুতি সভার আয়োজনের প্রতিবাদে বাজিতপুর উপজেলা বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে বাজিতপুর উপজেলা সদরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক ১ নম্বর সহসভাপতি মো. কাজল ভূঁইয়া।

বক্তারা বলেন, ২০২০ সালের ১০ মার্চ শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে ৮১ সদস্যবিশিষ্ট বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ ও অবৈধ।

তারা জানান, কেন্দ্রীয় বিএনপি থেকে ময়মনসিংহ বিভাগের সব কাউন্সিল সম্পন্ন করার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গত ৫ জুলাই একতরফাভাবে বাজিতপুর উপজেলা বিএনপির কাউন্সিল আহ্বান করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদে ও বেশ কয়েকটি দাবির স্বপক্ষে গত ২ জুলাই বাজিতপুর বাঁশমহলে প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপির এই অংশটি।

এই অংশের প্রতিবাদের কারণে ঘোষিত কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়। এরপর তাদের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা নেতৃবৃন্দ কয়েক দফা বৈঠকে মিলিত হন। বৃহত্তর দলীয় ঐক্যের স্বার্থে তারা সব ইউনিয়নের পকেট কমিটি বাতিল করে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও তাদের সঙ্গে সমন্বয় করে নতুন ইউনিয়ন কমিটি গঠন এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় ও জেলা নেতাদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাগণ উভয় পক্ষের তালিকা থেকে নাম নিয়ে ভারসাম্যপূর্ণ ৭১ সদস্যবিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটি প্রণয়ন করার কথা। কিন্তু কেন্দ্রীয় বিএনপির নির্দেশ উপেক্ষা করে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে নতুন ইউনিয়ন কমিটির অনুলিপি প্রদান না করে এবং তাদের সঙ্গে আলোচনা ছাড়াই আবারও ২০ আগস্ট উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

তারা আরও অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ বর্তমান আহ্বায়ক কমিটি তাদের সঙ্গে আলোচনা ও অবগত না করে গত ১০ আগস্ট একটি সম্মেলন প্রস্তুতি সভা সম্পন্ন করে। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা ও বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটি কাউন্সিলের নামে প্রহসন ও একতরফা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দলের ঐক্য ও শান্তির লক্ষ্যে বাজিতপুর বিএনপির বিবাদমান সব পক্ষকে সমন্বয় করে একটি উৎসবমুখর কাউন্সিল আয়োজন করা হোক।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য জিএস মীর জলিল, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম খান হেলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের জেলা কমিটির সহসভাপতি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাহ আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ