খাদ্যসহ নিত্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাদ্যসহ নিত্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

 

বর্ষীয়ান রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, খাদ্যসহ নিত্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ অর্ধাহারে এমনকি অনাহারে জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে, যা নতুন ধরনের দুর্ভিক্ষের আলামত।

আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে হকার্স ইউনিয়ন আয়োজিত সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক সূচক একরকম মিথ্যাচার বৈ আর কিছু নয়- এমন মন্তব্য করে তিনি বলেন, বাস্তবতা হলো- বেঁচে থাকার জন্য নিম্নআয়ের মানুষকে খাদ্য তালিকা সংকোচিত করতে হচ্ছে। সরকারের তথাকথিত সব অগ্রাধিকার বাদ দিয়ে এখনই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তবে অচিরেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সরকারের কর্তাব্যক্তিদের বাগাড়ম্বর দেখে মনে হয় না এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ আছে।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভায় আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা, সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার, সংগঠনের কার্যকরি সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, কেন্দ্রীয় নেতা আফছার আহমেদ, আব্দুল হক, আব্দুল কাইয়ুম, শাহীনা আক্তার, নৌফা আলী, মো. সেলিম, শফিক আহমেদ, অনিক রায়, মো. নাদিমসহ অনেকে।

কর্মিসভা থেকে সারা দেশে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন বন্ধ করা এবং খাদ্যসহ নিত্যপণ্যের দাম কমানো, জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ