খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ

 

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা অশালীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য। এটা কল্পনার বাইরে। আইন তিনিই নিয়ন্ত্রণ করেন। তার বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসা ফুটে উঠেছে। এগুলো নিয়ে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’

খালেদা জিয়া আদালতের দণ্ডপ্রাপ্ত হওয়ায় তিনি বিদেশ চিকিৎসা নিতে পারবেন না সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আসামিদের বিদেশ চিকিৎসার দৃষ্টান্ত নতুন না ইতিপূর্বে দেশে এবং বিদেশে এরকম দৃষ্টান্ত রয়েছে। সরকারের সদিচ্ছা এবং প্রকৃত মানবাধিকার থাকলে এটা সম্ভব। এর আগে জেএসডি নেতা আসম আব্দুর রব দণ্ডপ্রাপ্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিতে গিয়েছেন। পাকিস্তানের নেওয়াজ শরীফকেও দণ্ডপ্রাপ্ত থাকা অবস্থায় ইমরান খানের সরকার বিদেশ চিকিৎসার সুযোগ দিয়েছে।’

খালেদা জিয়ার চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে গণতান্ত্রিক সকল প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশনেত্রী উন্নত চিকিৎসার করতে দিচ্ছে না। আমরা গণতন্ত্র থেকে উপায় বের করে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। জনগণের আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।’

খালেদা জিয়াকে এই পরিস্থিতির রেখে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘প্রশ্নই ওঠে না। বেগম খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে তো নয়, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচনে যাব না।’

আমরা জোর করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে পারবো না। একজন প্রবীর নাগরিকের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকারের সরকার অন্যায় ভাবে বাধা দিচ্ছে। আইনের দোহাই দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি ভালো হয় না। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হোক। আমরা গণতান্ত্রিক উপায়ে যা করার দরকার করে যাব। গণতন্ত্র বিশ্বাস করি বলেই এখনো আমরা এ ভাষায় কথা বলি। যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ