খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে শিগগিরই বিএনপি কর্মসূচিতে যাবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে শিগগিরই বিএনপি কর্মসূচিতে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে দুর্নীতিবিরোধী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি এবং ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতাসহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে জুলাই মাসেই যুগপৎভাবে কর্মসূচিতে যাওয়ার কথা ছিল সমমনাদের। এরই ধারাবাহিকতায় গত ১১ই জুলাই থেকে যুগপৎ আন্দোলনের দল ও জোটের সঙ্গে বৈঠক করে দলটি। তবে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে বিশেষ অবস্থা বিরাজ করায় কর্মসূচিতে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই মুহূর্তে আমরা কর্মসূচিতে যেতে পারছি না। বিশেষ অবস্থা বিরাজ করছে। যত দ্রুত সম্ভব আমরা কর্মসূচিতে যাবো। আমাদের গণতান্ত্রিক স্পেসটা ফিরলে আমরা নিশ্চয় কর্মসূচিতে যাবো। মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে নানা ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত মাসে সমাবেশ করেছে বিএনপি।
সামনেও এই দাবিতে দলটি আরও কর্মসূচিতে যাবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি অবশ্যই আসবে। বিএনপি চেয়ারপারসনের শরীর ভালো না, তার শরীর খুব খারাপ।
সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পদত্যাগ আমাদের প্রধান দাবি। আমরা বলছি, সমস্যাগুলো আসলে কেন হচ্ছে? প্রধান কারণ হচ্ছে- দেশে একটা গণতান্ত্রিক ও নির্বাচিত বৈধ সরকার নেই। যে কারণে আজকে সমস্যাগুলো তৈরি হয়েছে। যার ফলে আমরা বলছি যে, দেশের এই সমস্যাগুলো সমাধান করতে হলে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুগুলো যদি সমাধান করতে হয় তাহলে শিগগিরই এই সরকারকে পদত্যাগ করে তাদের নির্বাচনে যাওয়া উচিত। এটা আমার দাবি না। এটা কিন্তু সব রাজনৈতিক দলেরও দাবি।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটিতে রদবদলের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, রদবদল চলমান প্রক্রিয়া। এটা কোনো বিশেষ ইস্যু না। একটা রাজনৈতিক দলে তার সংগঠনে কিছু পরিবর্তন হবে। কাউন্সিল হবে। নতুন সংগঠন তৈরি হবে। কার্যকরী কমিটি হবে। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া।
সর্বশেষ বিএনপি’র কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের মার্চে। তিন বছর পরপর কাউন্সিল করার বিধান দলটির গঠনতন্ত্রে থাকলেও সাত বছরেরও বেশি সময় ধরে ‘কাউন্সিল’ হয় না। দেশে রাজনৈতিক ও গণতান্ত্রিক স্পেস না থাকায় দলের কাউন্সিল হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। বলেন, আমরা চেষ্টা করছি, যদি সেই অবস্থা তৈরি হয় তাহলে আমরা করবো। দেশে তো রাজনৈতিক কোনো স্পেস নাই। রাজনৈতিক ও গণতান্ত্রিক স্পেস পাওয়া না গেলে তো কাউন্সিল করা ডিফিকাল্ট হয়। তারপরও চেষ্টা করছি, যতদ্রুত সম্ভব আমরা সেটা করবো।
নয়াপল্টনে ২৮শে অক্টোবর সমাবেশের পর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত মার্চে মুক্তি পান। এরপরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। ওই সময়ই গুঞ্জন ওঠে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করে সিঙ্গাপুরে গেছেন। এখনো এই গুঞ্জন চলমান রয়েছে। তবে এ বিষয়টি নাকচ করেছেন তিনি। বলেছেন, এ ধরনের কোনো কথা আমি কোথাও বলিনি। আমি কোনো পত্রিকাতেও বলিনি। গুঞ্জনটা আছে, কিছুসংখ্যক লোক বিভিন্ন প্রচারণা করেন। রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে এটা হয়, অনেক রকম গুজব-টুজব ওঠে। এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যখন আপনারা আমার মুখ থেকে শুনবেন তখন সেটা নিশ্চিত করবেন। তার আগে তো না। আর এখন পর্যন্ত সে ধরনের কোনো সিদ্ধান্ত আমি নেইনি।মানবজমিন
জনতার আওয়াজ/আ আ