খালেদা জিয়া ঢাকায়, বিএনপির অন্য নেতাদের কার ঈদ কোথায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া ঢাকায়, বিএনপির অন্য নেতাদের কার ঈদ কোথায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

 

বছর ঘুরে দুয়ারে হাজির পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশির ছোঁয়া লেগেছে দেশের সব অঙ্গনে। রাজনীতিকরাও এর বাইরে নন। তবে প্রায় চৌদ্দ বছর ক্ষমতা বলয়ের বাইরে থাকা বিএনপির ঈদ আনন্দ যেন কিছুটা ফিকে। তারপরও ঈদ ঘিরে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সব পর্যায়ের নেতাদের প্রস্তুতি রয়েছে।

প্রতি বছরের মতো এবারও তাদের কেউ কেউ ঢাকায় আবার কেউ কেউ ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকায়। তবে বেশিরভাগ কেন্দ্রীয় নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ শেষে নির্বাচনী এলাকায় যাবেন। এবার বিএনপি নেতারা সবাই ঈদে নিজ এলাকায় যাচ্ছেন আন্দোলনের বার্তা নিয়ে।

বিএনপির নেতারা বলছেন, ঢাকায় ঈদ না করে নিজ নিজ এলাকায় যেতে দলের হাইকমান্ড থেকে নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের আগে প্রত্যেক কেন্দ্রীয় নেতাকে নিজ এলাকায় হামলা-মামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বলা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে ঈদ করার পাশাপাশি ঈদ পরবর্তী আন্দোলনের কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কর্মকৌশল ঠিক করার নির্দেশনা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার গুলশানের বাসায় ঈদ করবেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান খালেদা জিয়ার সাথে ঈদ করবেন। ইতিমধ্যে দুই মেয়েকে নিয়ে ঢাকায় এসেছেন শর্মিলা রহমান।

বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন সন্ধ্যার পর চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। এবারের ঈদও তিনি সেখানেই কাটাবেন। সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সূত্র মতে, ঈদের দিন খালেদা জিয়ার ভাইসহ নিকটাত্মীয়রা তার সঙ্গে দেখা করতে ফিরোজায় আসবেন।‌ লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দী তার নিজ নির্বাচনী এলাকায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদের নামাজ আদায় করবেন।

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর আছেন। তিনি সেখানেই ঈদের নামাজ আদায় করবেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরার একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। তবে ঈদের নামাজ শেষে বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন দলটির শীর্ষ নেতারা।

স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতে আছেন। তিনি এবারও ভারতে সেখানেই ঈদ করবেন।

ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম ঈদ করবেন, বরকত উল্লাহ বুলু তার নির্বাচনী এলাকা নোয়াখালীতে ঈদের নামাজ পড়বেন।

ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শামসুজ্জামান দুদু ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন পরে তাদের নির্বাচনী এলাকায় যাওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম ঢাকাতে ঈদ করবেন। এছাড়া জয়নুল আবদিন ফারুক তার নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে ঈদ করবেন এবং হাবিবুর রহমান হাবিব তার নিজ নির্বাচনী এলাকা পাবনায় ঈদ করবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাবন্দী থাকায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন ঢাকায় ঈদের নামাজ পড়বেন। মজিবুর রহমান সরোয়ার ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান‌ সোহেল ঢাকায় ঈদ করবেন। ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকায় ঈদ করবেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঢাকাতে ঈদ করবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তার নিজ নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জে ঈদ করবেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য মাইনুল ইসলাম তার নির্বাচনী এলাকা ঘাটাইল এবং কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ নির্বাচনী এলাকা বাঞ্চারামপুরে ঈদ উৎযাপন করবেন। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ঢাকাতেই ঈদের নামাজ আদায় করবেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কারাবন্দি হওয়ায় জেলখানায় ঈদের নামাজ আদায় করবেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ঢাকাতে ঈদ করবেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঈদের দিন ঢাকাতেই থাকবেন।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঢাকায় ঈদ করবেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান ঢাকায় ঈদ করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ