খাল খননের মাধ্যমে অবৈধ স্থাপনা দখলমুক্ত হবে: পানিসম্পদ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাল খননের মাধ্যমে অবৈধ স্থাপনা দখলমুক্ত হবে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ

 

চাঁদপুর প্রতিনিধি
ছবি :সংগৃহীত

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন, জনস্বার্থে এ কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারাদেশে খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আইনি জটিলাত দেখা দিতে পারে। ওসব বিষয়গুলো আমরা জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবিলা করব।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশের খালগুলো খালের স্থানেই রয়েছে। কেউ যদি অবৈধভাবে কোনো কিছু গড়ে তোলে, স্বাভাবিকভাবেই তাকে ওই স্থান থেকে তা উঠিয়ে নিয়ে যেতে হবে, বাকি আইনি মোকাবিলা আমরা করব। তবে আমাদের উদ্দেশ্যে ও লক্ষ্য মহৎ। নতুন আঙ্গিকে ও নতুন উদ্যমে একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এর জন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।

তিনি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছিলেন, যা ছিল একটি আন্দোলন ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের কয়েকটি স্থানে খাল খনন উদ্বোধন করেছেন। আবার অনেক জেলা স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা কার্যক্রম শুরু করেছেন। একযোগে এই খাল খননে জাগরণ সৃষ্টি হয়েছে এবং জনগণ এর সুবিধা পাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, অনেক বছর এই খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। কোনো সরকার এসব কর্মসূচির উদ্যোগ নেননি। যার ফলে অনেক জায়গায় খালের পাড়ে জমি দখল হয়েছে। খালের মধ্যে বর্জ্য কিংবা আবর্জনা স্তূপ হয়ে আছে। এগুলোকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমাসহ সরকারি কর্মকর্তারা।

পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ