গড়ে উঠছে পূর্বাচল ॥ ঢাকার কাছে আরেক শহর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গড়ে উঠছে পূর্বাচল ॥ ঢাকার কাছে আরেক শহর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ

 

রাজধানী ঢাকার কাছে গড়ে উঠছে আরেক শহর। যেখানে প্রায় ১৫ লাখ লোক বসবাস করতে পারবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শহরে ১১১ তলা আইকনিক টাওয়ার, বাণিজ্যিক ও প্রশাসনিক বহুতল ভবনসহ পুরো শহরটি খাল ও কৃত্রিম লেক দিয়ে ঘেরা থাকবে। থাকবে বন, ইকো পার্ক ও সবুজ চত্বর।

 এই শহরে তৈরি হচ্ছে ফুটবল ও ক্রিকেটের জন্য আন্তর্জাতিক মানের পৃথক দুটি স্টেডিয়াম। এখানে বঙ্গবন্ধু স্কয়ারে থাকবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে পূর্বাচলে গড়ে তোলা হচ্ছে নতুন এই শহরটি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১৯৯৫ সালের জুলাই মাস থেকে ঢাকার খিলক্ষেত, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ৬ হাজার ২২৭ একর জমিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ পর্যন্ত প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় ২০১৩ সালে নির্মাণ করা হয় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ কুড়িল ফ্লাইওভার। এছাড়া প্রকল্পের ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লটের মধ্যে ২৪ হাজার প্লট গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ৩০০ প্লটের নক্সা চূড়ান্ত করা হয়েছে। কিছু প্লটের মালিক ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। তবে পুরো প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মোহাম্মদ মুনিরুল হক জনকণ্ঠকে বলেন, ‘পূর্বাচল নতুন শহরটি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এখানে আবাসিক ভবনের জন্য থাকবে ৩৩ শতাংশ জায়গা। এছাড়া সড়ক ও ফুটপাত থাকবে ২৬ শতাংশ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক ও ইউটিলিটি ব্যবস্থাপনার থাকবে ৯ শতাংশ, খাল ও লেক থাকবে ৮ শতাংশ, প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমে থাকবে ৭ শতাংশ, বন, ইকোপার্ক ও সবুজ চত্বর থাকবে ৬ শতাংশ, আবাসিক হাউজিং ব্লক ৬ শতাংশ ও খেলাধুলার জন্য ৫ শতাংশ জায়গা রাখা হয়েছে এই শহরে। পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশের চারটি থানা ও তিনটি ফায়ার স্টেশন নির্মাণ করা হবে।’ এছাড়া এই প্রকল্পে ১৪ লেনের সড়কের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

প্রকল্প সূত্র জানায়, পূর্বাচল নতুন শহরটি তিন জেলার সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার খিলক্ষেতের ১৫০ একর, গাজীপুরের কালীগঞ্জের ১৫০০ একর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৪৫৬৪ একরসহ মোট ৬ হাজার ২১৪ একর জায়গায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। দুটি নদী ও একাধিক খাল দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রকল্পটি। পূর্ব দিকে প্রবাহিত হয়েছে শীতলক্ষ্যা নদী। পশ্চিম দিকে রয়েছে বালু নদী। প্রকল্পের উত্তরে রয়েছে বালু ও শীতলক্ষ্যা নদীর একাধিক সংযোগ খাল।

এক সময় ঝোপ-জঙ্গলে পরিপূর্ণ ছোট ছোট টিলায় ভরা ছিল এই এলাকাটি। যেখানে বছরে একটি ফসল হতো। সেখানে পরিকল্পিতভাবে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ আদর্শ আবাসিক শহর গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এই শহরে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করতে পারবে। তাই এটি পরিচালনার জন্য পৃথক একটি প্রশাসক দরকার হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ