গণঅভ্যুত্থানবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : জেএসডির স্বপন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅভ্যুত্থানবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : জেএসডির স্বপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দল-(জেএসডির) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, অন্তর্বর্তী সরকার ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারীর সহযোগীদের যে কোনো ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করা হবে।

একইসঙ্গে তিনি বলেন, দেশে আবার দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার এবং জনগণের সমর্থনবিহীন রাষ্ট্রক্ষমতা দখলের স্বপ্ন এ দেশের বীর ছাত্র-জনতা কোনোদিন পূরণ হতে দেবে না। ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের যে সম্ভাবনা দেখা দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

সোমবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারকে অস্থির করার চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জেএসডির বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার এবং গণমুখী শাসনব্যবস্থা প্রবর্তনে যেসব উদ্যোগ নিয়েছে তা অব্যাহত রাখার জন্য সমাজের সব অংশের মানুষের সমর্থন প্রয়োজন। এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে বিনির্মাণের সুযোগ কোনো দলীয় হীনস্বার্থ নস্যাৎ করতে দেওয়া হবে না।

এর আগে রাজধানীতে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ের (জেএসডি চত্বর) সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর সমন্বয়ক ও দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, সরকারকে সময় না দিয়ে জোরপূর্বক দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত আছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম, এহসান ভূঁইয়া, মোহাম্মদ মোস্তাক, শফিকুল ইসলাম শফিক, মোসলে উদ্দিন বিজয়, আকবর হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ