গণতন্ত্রহীন একনায়কতান্ত্রিক সরকারের কাছে দেশের জনগণ আজ বন্দি : ইশরাক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘গণতন্ত্রহীন একনায়কতান্ত্রিক সরকারের কাছে দেশের জনগণ আজ বন্দি জীবনযাপন করছে। এ থেকে মানুষকে মুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই জনগণের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে।’
আজ বুধবার বিকেলে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজারের সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ইশরাক হোসেন বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এ সরকার দিতে চাইবে না। কারণ, তারা (আ’লীগ) জানে- সুষ্ঠু নির্বাচন হলে তাদের সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। শুধু তাই নয়, তাদের সকল অপকর্মের বিচার হবে। কিন্তু এ সরকার যতই তালবাহানা করুক না কেন- বিদায় তাদের নিতেই হবে, জনতা জেগে উঠেছে।’
তিনি বলেন, ‘অত্যাচার-নির্যাতন করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। কিন্তু অত্যাচারীরা কোনদিন দীর্ঘস্থায়ী হয় না, তাদের পতন অনিবার্য। আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছে। এবার তারা যে অপকর্ম করেছে আগামী ৫০ বছরেও আর ক্ষমতায় আসতে পারবে না।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পদযাত্রায় বিএনপির হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, সাইফুল আলম নিরব, রিয়াজ উদ্দিন নসু, মীর নেওয়াজ আলী, কাজী আবুল বাশার, মহানগরের নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, লিটন মাহমুদ, হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, মহিলা দলের আফরোজা আব্বাস, রুমা আখতার, নার্গিস আখতার, যুবদলের মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, রাজিব আহসান, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, সুমন ভুঁইয়া, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ নেতারা অংশ নেন।
জনতার আওয়াজ/আ আ