গণতন্ত্র হুমকির মুখে রয়েছে: জাতিসংঘের মহাসচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র হুমকির মুখে রয়েছে: জাতিসংঘের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

সাধারণ মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে এবং গণতন্ত্র হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।

আজ ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি যে শ্রদ্ধবোধ, তা আসলে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজের মূলভিত্তি। সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন ও স্বাধীনতা রক্ষাকবচও গণতন্ত্র ও আইনের শাসন।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সমাজের প্রতি গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, তা আমরা এই দিবসে উদ্‌যাপন করছি। একই সঙ্গে বর্তমানের অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি, তা–ও স্বীকার করে নিচ্ছি।’

বিবৃতিতে গুতেরেস আরও বলেন, মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে, সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা, সেটাও নষ্ট করে দিচ্ছে এমন মিথ্যা ও অপতথ্য।

এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। জাতিসংঘের মহাসচিব বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। শিশু ও তরুণদের বক্তব্য যথাযথভাবে নেওয়া হচ্ছে না। শিক্ষা, দক্ষতা ও জীবনের জন্য প্রয়োজনীয় শিখনে বিপুল বিনিয়োগ করে এই তরুণ ও শিশুদের সহযোগিতা করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ