গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি: ড. রাগীব আলী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি: ড. রাগীব আলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। ছবি: খবরের কাগজ
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি স্থায়ী সনদ পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ১০ অনুযায়ী লিডিং ইউনিভার্সিটি, সিলেট (রাগীব নগর, দক্ষিণ সুরমা, সিলেট-৩১১২)-এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সনদপত্র প্রদান করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) স্থায়ী সনদপ্রাপ্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর নেতৃত্বে শিক্ষক–শিক্ষার্থী এবং কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে মিষ্টি বিতরণ এবং পরে গ্যালারি–১-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন।

স্থায়ী সনদপ্রাপ্তিকে লিডিং ইউনিভার্সিটির বড় অর্জন উল্লেখ করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, ‘এ অর্জন সবার। আজ আমরা অত্যন্ত খুশি।’

তিনি আরও বলেন, উপাচার্য তাজ উদ্দিনের দায়িত্বকালীন এই সনদ লাভ ২০০১–২০২৫ সালের একটি মাইলফলক। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা সবাইকে তিনি ধন্যবাদ জানান। তিনি জানান, তৃতীয় একাডেমিক ভবনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ক্যাম্পাসে রাস্তা প্রশস্তকরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, লিডিং ইউনিভার্সিটি স্থায়ী সনদ পাওয়ায় এখন গবেষণাগার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে। তিনি ছাত্র–শিক্ষক অনুপাত বজায় রাখার পরামর্শ দেন।

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন বলেন, মোট ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২২টি স্থায়ী সনদ পেয়েছে; লিডিং ইউনিভার্সিটি তার একটি। ভবিষ্যৎ র‌্যাংকিং ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে প্রয়োজনীয় মানদণ্ড অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ২০০১ সালের ৪ মার্চ সাময়িক সনদ নিয়ে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি আজ স্থায়ী স্বীকৃতির পর্যায়ে এসেছে— যা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অসাধারণ অবদানের ফল। তিনি তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমসহ অন্যান্য অতিথিরা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী জুনেদ আহমেদ।

অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীকে নিয়ে কবিতা পাঠ করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ এবং শেষে দোয়া পরিচালনা করেন ড. ফজলে এলাহী মামুন। কেক কেটে স্থায়ী সনদপ্রাপ্তি উদযাপন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ