গার্মেন্টস শিল্প মালিকদের প্রতি ইইউ রাষ্ট্রদূতের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৪, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
২০২৬ সালে বাংলাদেশসহ যেসব দেশের তৈরি পোশাক খাতের জন্য ইউরোপীয় ইউনিয়ন যে নতুন আইন করতে যাচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতে এখন থেকেই প্রস্তুতি নিতে সব গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
শনিবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ফকির অ্যাপারেলস নামে একটি রফতানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শনকালে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের ৬৪ শতাংশের বেশি ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর সব গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প কারখানা মালিকদের এ নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অবশ্যই মেনে চলতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদিত নতুন সরবরাহ ব্যবস্থা আইন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম ও পরিবেশগত মান আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির কর্মপরিবেশ, উৎপাদন ব্যবস্থা ও শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামানসহ পরিচালক ও কর্মকর্তারা।
ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি পোশাক খাতে রোড ম্যাপসহ যেসব দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পোশাক কারখানা সেটি অনুসরণ করায় তাদের প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন। দেশে ইউরোপীয় ইউনিয়নের রোড ম্যাপ ও নতুন আইন বাস্তবায়ন হলে তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে বলে মনে করেন এই পোশাক কারখানা শিল্প মালিক।
জনতার আওয়াজ/আ আ