গুলশানে বাসা ভাঙচুরের ঘটনায় আটক ৩ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলশানে বাসা ভাঙচুরের ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে ২০-২৫ জনের একটি দল দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। তাদের দাবি করে, ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু তল্লাশির নামে বাসায় প্রবেশ করে বাসাটি ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি’সহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিন জনকে আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।

আটকরা হলেন- শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ (২৮) একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতো। সেই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি দেয়।

এর আগে, গত পরশু রাত সাড়ে ১০টার দিকে একই অজুহাতে একদল লোক গুলশানের ওই বাসায় ঢোকার চেষ্টা করে। তবে সেসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করছে যে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ