চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।

এর আগেও বিএনপির নেতারা বারবার জানিয়েছেন, খুব শিগগির তারেক রহমান দেশে ফিরবেন। নভেম্বরের শেষ নাগাদ তার ফেরার সম্ভাবনার কথাও দলের ভেতর থেকে শোনা যাচ্ছিল। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি বিএনপি।

গত ৬ অক্টোবর প্রকাশিত বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কবে দেশে ফিরছেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ খুব দ্রুতই ইনশাআল্লাহ।’

নির্বাচনের আগে দেশে থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, নির্বাচনের সঙ্গে রাজনীতি ও রাজনৈতিক দলের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই যখন জনগণের প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ। আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচনে জনগণের সঙ্গে থাকার।’

২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ছাড়েন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। গত জুলাই মাসের অভ্যুত্থানে আওয়ামী লীগে সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর জটিলতা কেটে গেলেও তিনি এখনো দেশে ফেরেননি।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে দল পরিচালনা ও নির্বাচনি কৌশলে সক্রিয় ভূমিকা রাখলেও তারেক রহমান কখনো সরাসরি ভোটের ময়দানে প্রার্থী হননি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) এবং ১৯৯৬ সালের জুন থেকে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করে আসছেন। এই দুই আসনে তিনি কখনো পরাজিত হননি। মায়ের সেই ঐতিহ্যবাহী আসনেই এবার ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ